সেচনির্ভর বোরো আবাদ মৌসুম শুরু হতে না হতেই ট্রান্সফরমার চুরির হিড়িক
পড়েছে। গত এক সপ্তাহে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ৪
লাখ টাকা মূল্যের আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ নিয়ে গত ৬ মাসে সমিতির
২৬ লাখ টাকারও বেশি মূল্যের ৫৪টি ট্রান্সফরমার চুরি গেছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় সূত্র জানায়,
সোমবার রাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ সরকারপাড়া এলাকায় ১০
কেভিএ তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর আগের দিন রাতে লালমনিরহাট সদর
উপজেলার বড়বাড়ী শিবরাম এলাকায় ২৫ কেভিএ একটি এবং ১০ কেভিএ দুটি
ট্রান্সফরমার চুরি হয়। এর তিন দিন আগে পঞ্চগ্রাম এলাকায় চুরি যায় ৫ কেভিএ
দুটি ট্রান্সফরমার।
সূত্র আরও জানায়, ট্রান্সফরমার চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর
ফলে গত ৬ মাসে সমিতির ৫৪টি ট্রান্সফরমার চুরি গেছে। যার মূল্য ২৬ লাখ
টাকা। চুরি যাওয়া ট্রান্সফরমার প্রতিস্থাপিত করতে এই বিপুল পরিমাণ টাকা
সংশ্লিষ্ট এলাকার কৃষক ও গ্রাহকদের পকেট থেকে দিতে হচ্ছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পবিসের জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান জানান,
প্রতিটি চুরির ঘটনা তদন্ত করে দেখার পর সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এ
ছাড়াও গ্রাহকদের নিজ নিজ এলাকার ট্রান্সফরমার পাহাড়া দিয়ে রাখার জন্য
অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান জানান, বোরো আবাদে
সেচ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরি রোধে নিজ নিজ এলাকার
গ্রাহক, আনসার-ভিডিপি সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও
চৌকিদার-দফাদারদের দিয়ে পাহাড়া দেওয়ার ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলছে। এ
ছাড়াও চোরের দল ধরতে চেষ্টা চালানো হচ্ছে।
No comments:
Post a Comment